মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সাসপেন্স-থ্রিলারে প্রথমবার তৌসিফ-শার্লিন

বিনোদন ডেস্ক:

অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছেন তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা। দীর্ঘ ক্যারিয়ারে দুজনকে একসঙ্গে পর্দায় দেখা না গেলেও এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী।

নাম এখনো চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন নির্মাতা ভিকি জাহেদ। ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, ভিকি জাহেদের পরিচিত নির্মাণশৈলীর ধারাবাহিকতায় সাসপেন্স-থ্রিলার গল্পকে কেন্দ্র করেই নির্মিত হবে ওয়েব ফিল্মটি।

প্রথমবার তৌসিফ ও শার্লিনকে জুটি হিসেবে পর্দায় দেখার সুযোগ তৈরি হওয়ায় দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে থ্রিলারধর্মী গল্পে তাদের রসায়ন কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।

বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। সিনেমার কাজ শেষ করার পরই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার। এরপর একই অভিনেতাকে নিয়ে ‘চক্র ৩’-এর কাজ শুরু করবেন নির্মাতা। ভিকি জাহেদের সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা অভিনীত নতুন ওয়েব ফিল্মটি আগামী বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

এদিকে তৌসিফ মাহবুব বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে ব্যস্ত। এরই মধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। রাখির পরিচালনায় নির্মিত ওই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন কেয়া পায়েল। সম্প্রতি এই জুটিকে নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, অভিনয় থেকে বিরতি কাটিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন শার্লিন ফারজানা। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/