মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সালমানের মন্তব্যে সিদ্ধার্থ-কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ঘরে কি আসছে দ্বিতীয় সন্তান? এমনই জল্পনা তৈরি হয়েছে সালমান খানের একটি মন্তব্যকে ঘিরে। তবে দ্বিতীয় সন্তান আসার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সিদ্ধার্থ-কিয়ারা।

নতুন সিনেমা ‘দ্য ভাভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এর প্রচারে ‘বিগ বস ২০’-এর মঞ্চে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া। সেখানেই সিদ্ধার্থের সঙ্গে তার দাম্পত্য জীবন ও বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান।

সিদ্ধার্থের কাছে বিয়ের পর জীবন কেমন কাটছে এবং বাবা হওয়ার অনুভূতি কেমন—জানতে চান সালমান। জবাবে সিদ্ধার্থ জানান, সবকিছুই খুব ভালো চলছে।

এরপর মজার ছলে সিদ্ধার্থকে বিয়ের প্রসঙ্গ মনে করিয়ে দেন সালমান। তিনি বলেন, একসময় সিদ্ধার্থকে বারবার বিয়ে করার পরামর্শ দিতেন। সেই প্রসঙ্গ টেনে সালমান মজা করে বলেন, তখন সিদ্ধার্থ লাজুক বরের মতো ছিলেন।

জবাবে সিদ্ধার্থ জানান, তিনি ও কিয়ারা দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলেন। সঠিক সময়েই তারা সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তখনই রসিকতা করে সালমান বলেন, ‘সেই গোপন কথাই এখন সন্তানের মধ্যে।’

২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তানের বাবা-মা হন সিদ্ধার্থ ও কিয়ারা। তাদের মেয়ের নাম সারায়াহ মালহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়ে সিদ্ধার্থ বলেন, বাবা হওয়াই তার কাছে সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি।

মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, তাদের সন্তান খুবই আদরের। সে নতুন নতুন কথা বলছে এবং প্রতিনিয়ত অনেক কিছু শিখছে। মেয়েকে ঘিরে এই সময়টিকে জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

এরপরই সিদ্ধার্থকে উদ্দেশ করে সালমান বলেন, ‘আশা করি খুব শিগগিরই আরো একটি সন্তান হবে।’ সালমানের এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধার্থ ও কিয়ারার দ্বিতীয় সন্তান নিয়ে আলোচনা শুরু হয়।

তবে সালমানের মন্তব্যটি রসিকতা নাকি কোনো তথ্যের ইঙ্গিত—তা স্পষ্ট নয়। সিদ্ধার্থ ও কিয়ারার পক্ষ থেকেও দ্বিতীয় সন্তান আসার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের শুরু ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্ক ব্যক্তিগত রাখার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমেরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/