মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
দেশ ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও উন্নত করার পাশাপাশি দেশের শিক্ষার্থীদেরও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারে।
রাষ্ট্রপতি বলেন, বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মক্ষেত্রের চাহিদা পূরণে সক্ষম নয়—এমন শিক্ষাব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও বাস্তবভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।