মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শ্রমমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগে দেশটির নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করার পর নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন।
তিনি জানান, মালয়েশিয়া প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে। এই ১০ হাজার শ্রমিকের মধ্য থেকেই বিনামূল্যে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করা হবে। পরবর্তী সময়ে মালয়েশিয়া থেকে বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা আসার ভিত্তিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে।
শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে হবে। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তারা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও সমস্যার মুখে পড়তে পারেন।
এ কারণে মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা আগে নির্ধারণ করে সে অনুযায়ী বাংলাদেশি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান শ্রমমন্ত্রী।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার উদ্যোগটি জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দক্ষতা নিশ্চিত করে এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে শ্রমিক পাঠানো গেলে একদিকে কর্মীদের হয়রানি কমবে, অন্যদিকে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার আরও শক্তিশালী হতে পারে।