মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বিগত সরকারের আমলে ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের আশপাশে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মন্ত্রী ডেঙ্গু কর্নার, স্টোররুমসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাসেবা সম্পর্কে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়েও খোঁজ নেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী অক্টোবর থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে। পরিদর্শনে হাসপাতালের কয়েকটি অনিয়মও ধরা পড়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। বর্তমানে যেসব ক্লিনিকের অনুমোদন রয়েছে, সেগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। চালু করা হবে ফিজিওথেরাপি বিভাগ। পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ, রক্ত পরীক্ষা ও বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা হবে। ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে চিকিৎসক দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১ অক্টোবরের পর এ বিষয়ে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।