রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। উপযুক্ত স্থাপনায় বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে এসব সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের আলোকে বিদ্যুৎ বিভাগ অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উপযুক্ত স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলোতে সিংহভাগ বিদ্যুৎ সৌরশক্তি থেকে ব্যবহারের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় অন্যান্য সরকারি দপ্তরের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ করা সম্ভব হবে।
এ উদ্যোগের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের অবকাঠামো ও প্রয়োজন অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে ‘ওপেক্স’ মডেল ব্যবহার করা যাবে। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব তহবিল থেকেও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।