রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
রাজধানীর যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া জায়গা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা পরিদর্শনে এ সময় বাস মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের ৮০টি বাস রাখার উপযোগী নতুন জায়গা বুঝিয়ে দেওয়া হয়।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর যানজট নিরসনে বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার উদ্যোগ নিয়েছে। মহাখালী বাস টার্মিনাল বর্তমান জায়গাতেই থাকবে। তবে এর ডিপো পূর্বাচলে স্থানান্তর করা হবে।
তিনি আরও বলেন, ঢাকার যানজটের অন্যতম কারণ গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল। এ কারণে আগামী তিন মাসের মধ্যে এসব টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে টার্মিনাল ও ডিপোর কার্যক্রম পৃথক করা হবে।
এদিকে সম্প্রতি রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।
এ সময় বাস মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, রাজধানীর বাস টার্মিনালগুলো ঘিরে যানজট কমাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। টার্মিনাল ও ডিপো আলাদা করার উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করেন।