মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

জ্বালানি তেলে লোকসান কমাতে দাম সমন্বয়: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে প্রতি লিটার ডিজেলে সরকারের প্রায় ৮৯ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর হিসাবে, শুধু ডিজেল খাতেই প্রতিদিন সরকারের লোকসান প্রায় ১০৯ কোটি টাকা এবং বছরে তা ৪০ হাজার কোটি টাকার বেশি হতে পারে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মধ্যেও চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান মেনে নিয়ে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ধারাবাহিক লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি এড়াতে শেষ পর্যন্ত দাম সমন্বয় করতে হয়েছে।

নতুন দর অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। একইভাবে অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, প্রতি লিটার ডিজেলের দাম ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। তবে এ সমন্বয়ের ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে তিনি জানান।

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালির সংকট, হুথি হামলা, সৌদি আরবের তেল রপ্তানিতে সীমাবদ্ধতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশের সঙ্গে কয়েকটি দেশের জ্বালানি তেলের দামের তুলনামূলক চিত্র তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা এবং পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা।

তাঁর ভাষ্য, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম কম থাকায় সীমান্তপথে জ্বালানি তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। এ কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দামের ব্যবধান কমাতেও মূল্য সমন্বয়ের প্রয়োজন হয়েছে।

এদিকে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে দেশে ১৫০টি কূপ খননের পরিকল্পনার কথাও জানান তথ্য উপদেষ্টা। এর অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ নম্বর কূপ উদ্বোধনের মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক আরও ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে বলে তিনি জানান।

জাহেদ উর রহমান বলেন, নতুন গ্যাস সরবরাহের ফলে শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাসের জোগান বাড়বে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীন এলাকাগুলো থেকে দৈনিক প্রায় ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আশা করছে সরকার।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/