মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

অনলাইন ডেস্ক:

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো বাসে বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে মঙ্গলবারই নতুন বাসভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

মন্ত্রী বলেন, নতুন ভাড়ার বিষয়ে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই তা কার্যকর হবে। তিনি বলেন, নির্ধারণের পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও তার চেয়ে কমিয়ে ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া সমন্বয়ের বিষয়ে পরিবহন মালিকদের বিভিন্ন ব্যয়ের বিষয় তুলে ধরার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বাস মালিকরা রক্ষণাবেক্ষণ ব্যয়ের বিষয়টিও সামনে এনেছেন।

শেখ রবিউল আলম বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের দামের বিষয়টি বিবেচনায় নিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রেলভাড়া বাড়ানোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, রেল ও লঞ্চের ভাড়া নিয়ে পরশুদিন বৈঠক অনুষ্ঠিত হবে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি রয়েছে। বিষয়টি ওই বৈঠকে আলোচনা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/