রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

মনোনয়ন জমা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট ২৯ অক্টোবর

অনলাইন ডেস্ক:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর)। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচন শাখার কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির শেষ দিন ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভূল্লী উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর এ উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। গত ২২ আগস্ট জাতীয় সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই আসনটি শূন্য হয়েছে।

ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরবর্তী সময়ে নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/