রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বিশৃঙ্খলায় উন্নয়ন বাধাগ্রস্ত হলে ভোগান্তি জনগণের: নজরুল

অনলাইন ডেস্ক:

পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলার কারণে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হলে এর ভোগান্তি শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই পোহাতে হবে। তাই সরকারের বিরোধিতা করার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকারের নিছক বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকারের কোনো কর্মকাণ্ডে ভুল বা অসংগতি থাকলে তা যুক্তিসংগতভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের স্বার্থ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/