মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম...

বিদেশ যেতে কল্যাণ ফি দিতে হবে ৫৫০০ টাকা

অনলাইন ডেস্ক:

বিদেশগামী কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে দিতে হবে অতিরিক্ত ২ হাজার টাকা। ‘কল্যাণ ফি’ ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন এ ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, প্রবাসী কর্মীদের জন্য সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করা এবং বর্তমান মুদ্রামান বা ডলার ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করতেই ‘কল্যাণ ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, বিদেশগামী, বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায় করা কল্যাণ ফি ২০১৫ সালে ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এখন তা বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বিদেশ যাওয়ার প্রাক্কালে সংশ্লিষ্ট কর্মীদের ৫ হাজার ৫০০ টাকা কল্যাণ ফি দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই নতুন এ ফি নির্ধারণ করা হয়েছে এবং ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

© All rights reserved © 2026 দৈনিক নতুন সকাল
Design & Developed BY https://starwebhostit.com/