অনলাইন ডেস্ক:
গণমাধ্যম ও সাংবাদিকদের টার্গেট করে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিই সরকারের লক্ষ্য।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর খসড়া পর্যালোচনায় গণমাধ্যমের অংশীজনদের নিয়ে আয়োজিত কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো সাংবাদিক এটার শিকার হোক, এ আইনের অপপ্রয়োগ হোক—সেটা আমরা চাই না।’
তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের জন্য একটি খসড়া বিল প্রস্তুত করা হয়েছিল। মন্ত্রিসভায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিষয়টি নিয়ে মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা সাইবার স্পেসে কাজ করেন এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ—তাদের সঙ্গেও আলোচনা করা হবে। সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে আইনটির খসড়া পর্যালোচনা করা হবে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সভাপতিত্ব করেন। এতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভার মূল লক্ষ্য ছিল সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬-এর প্রস্তাবিত খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের মতামত নেওয়া এবং আইনটির সম্ভাব্য প্রয়োগ ও অপপ্রয়োগের বিভিন্ন দিক পর্যালোচনা করা।