অনলাইন ডেস্ক:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে। ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ জন্য শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।’
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল।
তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়। এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাঁদের পরীক্ষা নেওয়ার জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।
বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশের আগে খাতা মূল্যায়ন, নম্বর সংরক্ষণ, ফল প্রস্তুত ও যাচাইসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এসব কাজ শেষ করার পর নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।